, || ||

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে গুরুত্ব পেয়েছেজলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে তাঁদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেবিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেন এমিনে এরদোয়ান।

ফেসবুক পোস্টে তুরস্কের ফার্স্ট লেডি জানান, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ উদ্যোগ ও সহযোগিতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাঁদের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন। এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব ও ঝুঁকি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলো।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন