পঞ্চগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ওই দুই কিশোর হলো, জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয়।

জানা গেছে, সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি এলাকায় বেড়াতে আসে ওই দুই কিশোর। বুধবার বেলা ১১টার দিকে একই এলাকার মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় ইন্দ্র ও উদয়।
একপর্যায়ে তারা সীমান্ত দিয়ে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।
পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয় মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেবো।
পি/এনডি/এএস



