কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ওজনে কম দেওয়ার অপরাধে অপর এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গোহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গাজী আশিক বাহার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সাতবাড়ীয়া এলাকায় কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করে আসছিলেন জনৈক মোঃ মজনু মিয়া (২৭)। অভিযানের সময় বিএসটিআই-এর অনুমোদন না থাকা এবং অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানা মালিক মজনু মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই এলাকায় ওজনে কারচুপির মাধ্যমে ক্রেতা ঠকানোর দায়ে শাহাদাত হোসেন নামে অন্য এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উদ্ধারকৃত খাদ্যপণ্যগুলো জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মানহীন হওয়ায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাৎক্ষণিকভাবে জনসমক্ষে ধ্বংস করা হয়। অভিযানে বিএসটিআই-এর ফিল্ড অফিসার খায়রুল ইসলাম ও পরিদর্শক আশিফ করিম উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। এই ধরণের ভেজাল বিরোধী ও জনস্বার্থ রক্ষামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে এই অভিযানের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
ইয়াসির আরাফাত/এনডি/এএস



