খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ অভিযানিক দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালায় এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮। এসময় হরিণটানা থানায় দায়ের করা চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করা হয়।

আজমুলের মৃত্যুর পর তিনি আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তবে তার পরিচয় ও পরিবারের সদস্যদের নামের বিষয়ে প্রাথমিক তথ্যের সঙ্গে ভিন্নতা পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর রিফাত আজমুল হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত রয়েছে।
পরে রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।
আরপি/এএস



