রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

ঢাকা: আটলান্টিক মহাসাগরের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী ও কিশোর। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাঁও ফিলিপ শহরে ফেরার পথে ফোগো দ্বীপের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন। আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাঁও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে থাকা শিক্ষার্থীদের জন্য আয়োজিত ভ্রমণটি কোনো স্কুলের আনুষ্ঠানিক আয়োজন ছিল না। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন