ঢাকা: চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ সকালে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটক করে পুলিশ।
পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোড ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এদিকে আটকের পর পরই জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে খাইরুল ইসলাম সজীবকে। রোববার রাতে যুবদলের প্যাডে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।
সেখানে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
আরপি/এনডি/এএস



