, || ||

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেনের মৃত্যু

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন (৬৪) । বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে ছিলেন।

মৃত আনোয়ার হোসেন সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) শাখাওয়াত হোসেন জানান, মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আনোয়ার হোসেন কয়েদি হিসেবে কারাগারে ছিলেন। তিনি হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।

জেলার শাখাওয়াত হোসেন আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিধি অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কারাগারের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের দণ্ডবিধির ৩২৪ ধারায় সাজা হয়েছিল। তার সাজা ছিল দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্‌যন্ত্রের সমস্যা উল্লেখ করা হয়েছে মৃত্যুসনদে। পাশাপাশি তিনি ডায়াবেটিস, হাপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানানো হয়েছে।

আরসি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন