ঝিনাইদহের সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চুরির ঘটনায় তিন মাস ১১ দিন পর সবুজ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ হোসেন ঝিনাইদহ শহরের চুটুলিয়া গ্রামের গোলাপ হোসেন বিশ্বাসের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা, চুরি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
জানা গেছে, গত ৩১ জুলাই শহরের আরাপপুর এলাকায় বাসার সামনে থেকে ঝিনাইদহের ৭১টিভি ও দৈনিক আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি রাজিব হাসানের পালসার মোটরসাইকেলটি চুরি হয়। দিনের বেলায় মোটরসাইকেলটির তালা ভেঙে সেটি নিয়ে যায় চোরেরা।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করা হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাজিব হাসান ঝিনাইদহ সদর থানায় একটি চুরির মামলা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মামলাটির তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা সুকান্ত কর্মকার ও মারুফ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল চোরকে শনাক্ত করতে কাজ শুরু করে। এ সময় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। ঘটনার পর চোর এলাকা ছেড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির মিল পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারের আশা করছে পুলিশ।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচ/এএস



