ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির প্রসঙ্গ তুলে ধরে পতিত হাসিনার আমলে কারাবন্দি দুই ছাত্রদল নেতাকে বাবার মৃত্যুর সময় প্যারোল না দেওয়ার স্মৃতি স্মরণ করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে পোস্টে শেখ তানভীল বারী হামিম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইবরাহিম কবির মিঠু তাদের বাবার মৃত্যুর পরও প্যারোলে মুক্তির সুযোগ পাননি।
তিনি বলেন, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন আব্দুর রহিম রনি। আর ২৯ নভেম্বর গ্রেপ্তার হন ইবরাহিম কবির মিঠু। তাদের বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে সারাদিন কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোরাঘুরি করেও শেষবারের মতো বাবাকে দেখার সুযোগ দেওয়া হয়নি।

শেখ তানভীর বারী হামিম আরও লেখেন, এটাই ছিল ফ্যাসিবাদের সময়কার নির্দয় নির্মমতার এক ভয়াল চিত্র।
পিএস/এএস



