বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জীবননগর থানা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার, মূল অভিযুক্তের প্রকাশ্যে ভুল স্বীকার এবং সত্য প্রকাশের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ৩টায় বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রী উজ্জ্বল কুমারের পক্ষে এবং উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বন্ধু তিতাস।
লিখিত বক্তব্যে বলা হয়, জীবননগর মকছেদ মার্কেটের হ্যাপি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী উজ্জ্বল কুমার দীর্ঘ ২৬ বছর ধরে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি আজ এ অবস্থানে পৌঁছেছেন। তবে একটি ঘটনা তার সম্মানকে ক্ষুণ্ন করে। এর প্রেক্ষিতে গত ২৯ আগস্ট জেলা জুয়েলার্স সমিতির কার্যালয়ে একটি সালিশ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মো. জাফর আলী মল্লিক। সভায় জীবননগর জুয়েলার্স সমিতির সভাপতি মো. আশরাফুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদ এবং দামুড়হুদা জুয়েলার্স সমিতির সভাপতি আশেকুর দৌলা লিটন উপস্থিত ছিলেন।
সালিশ সভায় উপস্থিত সদস্যদের সামনে দোষ-গুণ স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বাক্ষর করেন।
ওইদিন রাতেই জাস্ট ক্যাপিটাল মিডিয়ায় একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে জীবননগর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে ধরা হয়। তবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এটি ছিল বড় ধরনের ভুল বোঝাবুঝির বহিঃপ্রকাশ।
বক্তব্যে আরও বলা হয়, জুরাইজ রহমান জুনায়েদ সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ভুল বোঝাবুঝি ছাড়া অন্য কিছু নয়। এই ভুল সংশোধনের লক্ষ্যেই আজকের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএইচ/এএস



