দর্শনায় ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সিএন্ডএফ ব্যবসায়ী মো. রায়হান মিয়াকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ল্যান্ড কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। একই সঙ্গে মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার সওকত আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর দর্শনা রেলইয়ার্ডে ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্শনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সিএন্ডএফ ব্যবসায়ী মেসার্স ফিজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রায়হান মিয়াকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, রফিকুল ইসলাম ও রায়হান মিয়ার মধ্যে ব্যবসায়িক মনোমালিন্য বা প্রতিযোগিতা থাকতে পারে। তবে এ কারণে একজন ব্যবসায়ীকে হয়রানি করা সমীচীন নয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তার প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মামলা থেকে রায়হান মিয়ার নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, কোন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা বা হামলা করা ভাঙচুর করা এটা কখনোই কাম্য নয়। সিসিটিভি ফুটেজেের মাধ্যমে প্রকৃত দোষীদের কে সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর তদন্তের মাধ্যমে নির্দোষদেরকে অব্যাহতি দেয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি মাহবুবুল ইসলাম খোকন, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনির, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম পাঠান, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম এবং সদস্য রবিউল ইসলাম ও মিজানুর রহমান।
এমএস/এএস



