সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘পরীক্ষায় কোনো অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না’

‘পরীক্ষায় কোনো অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না’

সিলেট: পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা প্রশ্ন ফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৮ জুন) সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নের জন্য পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে।

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে উল্লেখ করে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রসঙ্গে তিনি কেন্দ্র প্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে চলে গেছেন। আগামী জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, তিনি (সহকারী শিক্ষক) প্রধান শিক্ষক হতে পারছেন না শুধু আদালতের একটি মামলার কারণে। মামলা হলেই আটকে যায় শিক্ষা ব্যবস্থা। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সবার জন্য প্রয়োজন।

এহছানুল হক মিলন বলেন, মাননীয় আদালতের যারা বিচারক রয়েছেন, তারাও শিক্ষাকে গুরুত্ব দেন, আমরাও দেই। কিন্তু আমি জানি না কোন অবহেলার কারণে এভাবে মামলার জটে শিক্ষক নিয়োগ দিতে পারছি না।

তিনি বলেন, আগামী ২ জুলাই মামলার রায় হওয়ার কথা রয়েছে। আশা করছি জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবো।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক প্রক্রিয়া ব্যাহত হয়। এই অচলাবস্থা নিরসন করে শিক্ষাঙ্গনে একটি স্বচ্ছ ও গতিশীল পরিবেশ তৈরি করতে সরকার বদ্ধপরিকর।

সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্ট্যালিন রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন