, || ||

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইশরাক।

সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, মাদকের সরবরাহ নেটওয়ার্ক বন্ধ করাই সেদিনের অভিযানের লক্ষ্য।

বিএনপির এই নেতা বলেন, ‘চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। এ নিয়ে সামাজিক মাধ্যম ও কিছু গণমাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা করা হয়েছে।’

ইশরাক হোসেন বলেন, ১৭ অক্টোবর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানের যাওয়ার ঘটনায় কিছুটা সত্য, কিছুটা অতিরিঞ্জিত কল্পকাহিনী বানানো হয়েছে। হেয় প্রতিপন্ন করার চেষ্টার ফলে দল বিব্রত হয়েছে।

এর আগে সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন।

গতকাল রোববার সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।

যদিও রোববার রাতে এক বিবৃতিতে পদত্যাগের নির্দেশের বিষয়টি অসত্য বলে দাবি করেন বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন।

এরপর সোমবার সকালে বক্তব্য পরিবর্তন করে ফেসুবক স্ট্যাটাস দেন ইশরাক। যেখানে তিনি দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান। সেই ধারাবাহিকতায় অবশেষে কিছুক্ষণ আগে পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন ইশরাক হোসেন।

এরয়াগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন