চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ রানা (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শেখ রানা একই ইউনিয়নের রথখোলা পাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেনের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বেলগাছী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে প্রচার , উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বর্তমান সরকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে শেখ রানার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাঁকে সেখান থেকে আটক করে থানায় নেওয়া হয়।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন , সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ রানার দেওয়া পোস্টগুলো যাচাই-বাছাই করে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন , শেখ রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
এডি/এএস



