কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আহত নুর কামাল নামে এক মাঝি নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৪১ ব্লকে তাকে লক্ষ্য করে এ গুলির ঘটনা ঘটে।

নিহত নুর কামাল ওই ব্লকের হেড মাঝি ছিলেন। তিনি মোস্তাক আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নিজ ব্লকে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর কামালকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
উখিয়া থানার ওসি মুজিবুল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং হত্যাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল (৫ মে) উখিয়ার আরেকটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গুলির ঘটনায় কেফায়েত উল্লাহ হালিম নামে এক রোহিঙ্গা নেতা নিহত এবং আরও দুইজন আহত হন। ওই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



