কক্সবাজার: টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসে ৬ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের খোঁজে অভিযান চালাচ্ছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সে সময় সেখানে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী ছিলো। আকস্মিক পাহাড়ধসে ভবনটি মাটিচাপা পড়লে শিক্ষার্থীরা আটকা পড়ে।
খবর পেয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়, এপিবিএন, ফায়ার সার্ভিস, বিভিন্ন মানবিক সংস্থা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নেন।
ধ্বংসস্তূপ সরিয়ে একে একে আহত ও নিহতদের উদ্ধার করা হচ্ছে। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
উখিয়া ফায়ার সাভির্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। ঠিক কতজন আটকে আছে এই মুহূর্তে বলা যাচ্ছেনা।
ওএনবি/শাহজাহান চৌধুরী শাহীন/জেএফজে



