খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ব্যানার ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দ ছাড়াও সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্যরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ড্যাবের সদস্য ডা: আব্দুল খালেক, ডা: আনোয়রুল ইসলাম, ডা: আরাফাত রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচী থেকে বক্তারা, চিকিৎসক রফিকুল ইসলাম বাবলু হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী’র উপস্থিতিতে স্থানীয় কিছু নেতা ডাক্তার বাবলুকে অশালীন ভাষায় গালিগালাজ করে। একই সাথে হাসপাতালের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান থেকে পদত্যাগ করতে চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়।
আশরাফুল ইসলাম/এনডি/এএস



