চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক মেম্বারকে ছিনিয়ে নিলো পরিবারের সদস্যরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক মেম্বার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দর্শনা থানা পুলিশের একটি দল চণ্ডীপুর এলাকায় অভিযান চালিয়ে আবু ছিদ্দিককে গ্রেপ্তার করে। এ সময় পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন।

পুলিশের দাবি, হামলায় তাদের দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় আবু ছিদ্দিক পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে গ্রেপ্তার করেছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের ওপর হামলা এবং গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক আবু ছিদ্দিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/এএস



