শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভিমরুলের (মৌমাছি) কামড়ে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরের নৈশ প্রহরী ছিলেন।

আব্দুল্লাহ নামে তার একজন প্রতিবেশী বলেন, প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ভোরে পাখিভ্যানযোগে বাড়ি ফেরার সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের সামনে একটি মৌমাছির চাক ভেঙে পড়ে এবং তাকে একাধিক মৌমাছি কামড় দেয়। এছাড়া একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে।

তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে এই অবস্থায় তিনি বাড়িতে আসেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ভিমরুল বা মৌমাছির কামড়ে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। বিস্তারিত জানতে আমরা খোজ নিচ্ছি।

এলআই/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন