ঢাকা : ঢাকাই ছবির কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস তার অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি, স্কুলজীবন এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।
পডকাস্টে অপু বিশ্বাস বলেন, তবে পর্দার বাইরের শৈশব ও স্কুলজীবনের অপু ছিলেন একেবারেই আলাদা স্বভাবের। ছোটবেলায় তার আচরণ অনেকটাই ‘ছেলেদের মতো’ ছিল বলে পরিবার ও আশপাশের অনেকেই তাকে নিয়ে ভুল ধারণায় পড়তেন। তার নামের কারণে অনেকে ভাবতেন তিনি পরিবারের ছোট ছেলে।
তিনি বলেন, ছোটবেলায় আমি নিজেকে যেন একটু ছেলেদের মতোই ভাবতাম। আমার নাম অপু হওয়ায় অনেকেই, যারা আমাকে চিনতেন না, তারা ভাবতেন আমি ছেলে। এমনকি বাবাকেও অনেকে বলতেন—আপনার ছোট ছেলে কেমন আছে? বাবা এটা নিয়ে মজাও করতেন। আসলে আমি একদমই নরম স্বভাবের ছিলাম না।

অপু জানান, পড়াশোনার পাশাপাশি স্কুলের নানা আয়োজন ও কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন। শিক্ষকদের প্রয়োজনীয় কাজেও তাকে প্রায়ই ডাকা হতো। স্কুলে কোনো প্রোগ্রাম বা পরিকল্পনা থাকলে প্রায়ই আমাকে ডাকা হতো। আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, পড়াশোনাতেও মোটামুটি ভালোই ছিলাম।
স্কুলে প্রেমের প্রস্তাব পাওয়া নিয়ে তিনি জানান, সরাসরি কেউ সাহস করে কিছু বলত না, বরং বন্ধুদের মাধ্যমে বার্তা পাঠাত অনেকে। অনেকেই আমাকে পছন্দ করত, কিন্তু সরাসরি বলার সাহস পেত না। আমার বান্ধবীদের মাধ্যমে জানাতো। চিঠিও দিত। তখন বন্ধুদের অবস্থা হতো—এটা নেব কি না, বন্ধুত্ব নষ্ট হবে কি না!
জেএন



