চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে আহরন খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আহরন খাতুন মহেশপুর উপজেলার কাজিরবের গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন নিহতের স্বামী শাহিদুল ইসলাম (৬৫), ছেলে আসিফ (২০) ও ইজিবাইক চালক। এদের মধ্যে আসিফের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে পূর্বাশা পরিবহনের একটি বাস জিন্নাহনগর থেকে জীবননগরের দিকে আসছিল। একই সময়ে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাওয়ার পথে পাথিলা গ্রামের ঈদগাহের সামনে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা সকলেই আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত আসিফের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, আহরন খাতুন তার স্বামীকে ডাক্তার দেখিয়ে ছেলেকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওমর ফারুক/এএস



