দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা মাঠপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মতিয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মারপিট, মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত মতিয়ার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত মতিয়ার হোসেন একই গ্রামের ইসহাক মন্ডলের ছেলে।
মতিয়ার হোসেনের অভিযোগ, সকালে তিনি একই গ্রামে নিজের পেয়ারা বাগান থেকে পেয়ারা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এ সময় জামসেদের ছেলে কোরবানসহ কয়েকজন ধারালো অস্ত্র, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, একপর্যায়ে হামলাকারীরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রাণভয়ে তিনি সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তার কাছ থেকে পেয়ারা বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এদিকে ঘটনার পরপরই দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারপিটের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনিরুজ্জামান সুমন/এএস



