শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগর থেকে পাচারের সময় ৩’শ বস্তা ভর্তুকির সার জব্দ, ব্যবসায়ী আটক

জীবননগর থেকে পাচারের সময় ৩’শ বস্তা ভর্তুকির সার জব্দ, ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে পাচারের প্রস্তুতিকালে ৩ শতাধিক বস্তা সরকারি সার জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হাসাদাহ বাজারে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেকের দোকান থেকে ভর্তুকির সরকারি সার অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে তৌফিক ট্রেডার্সের চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩ শতাধিক বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী মো. আব্দুল খালেককে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় ব্যবসায়ী মো. আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে গতকাল শুক্রবার ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। জীবননগর বাজারের মেসার্স সান্ত্বনা ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।

পরপর দুই দিনে জীবননগরের দুটি পৃথক স্থানে বিপুল পরিমাণ ভর্তুকির সরকারি সার জব্দের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি সার বিতরণ ও বাজারজাতকরণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে সারগুলো কীভাবে ব্যবসায়ীদের গুদামে পৌঁছেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওমর ফারুক/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন