, || ||

পরীমনির জেরা আবারও পেছাল

পরীমনির জেরা আবারও পেছাল

ঢাকা: শ্লীলতাহানি, মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির সাক্ষ্যগ্রহণের পরবর্তী ধাপের জেরা আবারও পিছিয়েছে।

রোববার (৯ আগস্ট) ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন শুনানি শেষে আগামী ৩০ নভেম্বর পরীমনির জেরার জন্য নতুন দিন ধার্য করেন।

নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে না পারায় এদিন পরীমনির জেরা অনুষ্ঠিত হয়নি। পরে বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া পরবর্তী জেরার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার দুই আসামিও এদিন আদালতে উপস্থিত হয়ে চলে যান। অপর এক আসামি সময়ের আবেদন করেন।

এর আগে অসুস্থতা ও অন্যান্য কারণে কয়েক দফা মামলাটিতে পরীমনির জেরা হয়নি। মামলায় আসামিরা হলেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন ঢাকার সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে একটি বোট ক্লাবে নিজেকে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন পরীমনি।

ঘটনার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন এবং ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর ১৩ জুন রাতে গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এই অভিনেত্রী। পরদিন সাভার মডেল থানায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা করেন তিনি।

মামলা হওয়ার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন।

পরে ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ওই বছরের ২৯ নভেম্বর আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমনি। তবে তার সাক্ষ্যগ্রহণ এখনো শেষ হয়নি। মামলাটির বিচার কার্যক্রম ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে রুদ্ধদ্বার কক্ষে চলছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন