শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্মার্টফোন থেকে সন্তানকে দূরে রাখুন অভিভাবকদের ইউএনও

স্মার্টফোন থেকে সন্তানকে দূরে রাখুন অভিভাবকদের ইউএনও

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। একই সঙ্গে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিশু বিবেচনা করে তাদের হাতে স্মার্টফোন তুলে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাভলী ইয়াসমিন বলেন, আমি মনে করি, দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী শিশু। তাই কোনোভাবেই তাদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে ভবিষ্যৎ নষ্ট করবেন না। সন্তানদের চলাফেরা ও মেলামেশার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি তারা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং ঠিকমতো পড়ালেখা করছে কি না, সেদিকে অভিভাবকদের নজর রাখার পরামর্শ দেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি জানতে নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। তার মতে, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ মশিউর রহমান বলেন, সন্তানদের মধ্যে শুধু প্রতিযোগিতার মনোভাব তৈরি না করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হলে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং নিজেদের প্রতিষ্ঠিত করার পথও সহজ হবে।

তিনি আরও বলেন, অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার সার্বিক খোজখবর নিতে হবে। প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তাদের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, এডহক কমিটির সদস্য মোরশেদুর রহমান লিংকন এবং শিক্ষক হুমায়ুন কবীর।

শিক্ষক রানা ও আবুল কাশেম মিল্টনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সৈয়দা শামীম আরা, হাবিবা ইয়াসমিন, ফারজানা, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের, আব্দুল খালেক, আশরাফুল আলম, হাফিজুর রহমান, আরিফা সুলতানা, আবুল কালাম আজাদ, সুজন মিয়া, শামসুননাহার, আরাফাত হোসেন, শামীম হোসেন, সুমন মিয়া, উম্মে হাবীবা মায়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

মনিরুজ্জামান সুমন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন