চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য ১৩ কোটি প্রায় ৩৩ লাখ টাকা।
শনিবার (০১ আগস্ট) বিকেলে দর্শনা থানাধীন পারকেষ্টপুর গ্রাম থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।
বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজি জানায়, চুয়াডাঙ্গার দর্শনা পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকশ টহল দল গোপনে অবস্থান নেয়।
এ সময় এক সন্দেহভাজন ব্যক্তি দর্শনা থেকে মোটরসাইকেল যোগে পারকেষ্টপুর গ্রাম দিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছিল। ওই ব্যক্তিকে দাঁড়া করালে তার শরীর তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিচ স্বর্ণের বার উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বার গুলোর চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দর্শনা থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওএনবি



