ঢাকা: ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তাদের শেষ সুযোগ। অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা হয়তো একটি সমঝোতায় পৌঁছাতে পারি। আমি শেষবারের মতো তাদের একটি সুযোগ দিতে চাই।
তিনি জানান, সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হবে। দ্বিতীয় ধাপে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্ত করার বিষয়টি। তবে এই ধাপ বাস্তবায়নে আরও কিছু সময় লাগবে।

ট্রাম্পের দাবি, রোববার রাতে পরিকল্পিত মার্কিন হামলার আশঙ্কাই ইরানকে আলোচনায় আগ্রহী করেছে। তার ভাষায়, ওই হামলা হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিচালিত যেকোনো হামলার চেয়েও কঠোর হতে পারত।
তিনি বলেন, ‘তথ্য ফাঁস হওয়ায় বরং উপকার হয়েছে। হামলার ভয়াবহতা সম্পর্কে ইরান জানতে পেরেছিল। তারা জানত কী আসছে। হামলা হলে তা দীর্ঘ সময় চলত এবং কার্যত খুব সামান্যই অবশিষ্ট থাকত।
ট্রাম্প বলেন, যদি আমি অনেক মানুষের জীবন বাঁচানোর সুযোগ পাই, তাহলে আমি সেই সুযোগ তাদেরকে দিতে চাই। আমার কোনো সময়সীমার চাপ নেই।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, সেখানে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। তবে যদি কেউ টোল নেয়, তাহলে সেতা আমরাই নেব, অন্য কেও না।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালানোর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।
এর আগে, কয়েক মাস ধরে, দুই পক্ষের মধ্যে দফায় দফায় কূটনৈতিক যোগাযোগ হলেও তা কখনো উত্তেজনা কমিয়েছে, আবার কখনো পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।
জেএন



