ঢাকা: মামলার জট হ্রাস এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে চতুর্থ পর্যায়ে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করলো সরকার। এ নিয়ে দেশে ই-বেলবন্ড কার্যক্রম চালু হওয়া জেলার সংখ্যা দাঁড়ালো ২৮টিতে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন ১২ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর।

এ সময় আইনমন্ত্রী বলেন, ই-বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচারপ্রার্থীরা ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরম্যান্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেয়া হবে।
অনেক সময় আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর অপরাধের সংখ্যা বাড়ে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বছরের পর বছর মামলা চলতে থাকলে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়।
আইনমন্ত্রী আরও বলেন, হয়রানি নয়, আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আগে চালু হওয়া ১৬ জেলার সঙ্গে এবার আরও ১২ জেলা ই-বেলবন্ড কর্মসূচির আওতায় যুক্ত হলো।
আইনমন্ত্রী বলেন, আগে একটি বেলবন্ড দাখিলের ক্ষেত্রে ১২টি ধাপ অনুসরণ করতে হতো। এখন আইনজীবীরা এক ক্লিকেই যেকোনো স্থান থেকে স্মার্টফোন ব্যবহার করে বেলবন্ড জমা দিতে পারবেন। বেলবন্ড জমা দেওয়ার পর সেটি গ্রহণ করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে ওটিপির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরপি/এএস



