রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশের বাইরে অপকর্ম করেও কেউ পার পাবে না: সংস্কৃতি মন্ত্রী

দেশের বাইরে অপকর্ম করেও কেউ পার পাবে না: সংস্কৃতি মন্ত্রী

দেশে যেমন অপশক্তি রয়েছে, বিদেশেও তেমন অপশক্তি রয়েছে। তবে দেশের বাইরে অপকর্ম করেও কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা সভা ও সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন তিনি।

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর যে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ওই ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঁধনের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।

তিনি বলেন, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার হবে। দেশে কিংবা দেশের বাইরে শিল্পীদের সঙ্গে হেনস্তার ঘটনায় সরকার দায় এড়াতে চায় না। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনিও বাঁধনের সঙ্গে কথা বলেছেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম ছাড়া কোনো সরকার সামনে এগাতে পারে না। আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আগে গণমাধ্যমগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এখন সরকার সেই দরজাগুলো খুলে দিতে চায়।

নিতাই রায় চৌধুরী বলেন, আমরা কারও আধিপত্য মানি না। সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারও অধীনতা বা দাসত্ব মানি না। বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে।

দীর্ঘদিনের দুর্নীতি, লুটপাট ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, শুধু বিজিবি-পুলিশের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী ও সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজের সবাইকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

এসময় চুয়াডাঙ্গার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এমএম/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন