শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগরে কিটনাশক বিক্রির আড়ালে সার বিক্রি, ৪০৩ বস্তা সার জব্দ

জীবননগরে কিটনাশক বিক্রির আড়ালে সার বিক্রি, ৪০৩ বস্তা সার জব্দ

চুয়াডাঙ্গার জীববনগরে অবৈধ ভাবে মজুদ করা ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। কিটনাশক বিক্রির আড়ালে অবৈধভাবে সার বিক্রি ও মজুদ করে রেখেছিল এমন অভিযোগে সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর বাজারে মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক মো. আবুল কালাম আজাদের সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সরকারি সার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির গুদাম তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি জানান, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে অবৈধভাবে মজুদ ও বিক্রির সুযোগ নেই। অভিযানে জব্দ করা ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সার অবৈধভাবে মজুদ, কালোবাজারি বা নিয়মবহির্ভূতভাবে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওমর ফারুক/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন