চুয়াডাঙ্গায় আন্তঃজেলার পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বেশি পোহাতে হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।
জানা গেছে, গতকাল রোববার জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধ হয়। পরে রিকশাচালকেরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে ব্যারিকেড দিয়ে মহাসড়কে বাস আটকে রাখেন। এর প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।

বাস যাত্রী মাহিম আহমেদ বলেন, ‘এভাবে বাস চলাচল বন্ধ থাকায় খুব দুর্ভোগ পড়তে হচ্ছে। বাস না চলায় বিকপ্ল বাহন ব্যবহার করতে হচ্ছে। এতে করে একদিকে সময় হচ্ছে ও অন্যদিকে টাকা বেশি ব্যয় হচ্ছে।’
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীরা অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এ সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা।
বাসশ্রমিকেরা বলেন, ‘মহাসড়কে অটোরিকশা চলাচল করলে আমরা কীভাবে বাস চালাব? আমাদের একজন চালককেও মারধর করা হয়েছে। এর প্রতিবাদেই আজ বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে আজ শ্রমিক ও বাস মালিক ঐক্যপরিষদের সঙ্গে আলোচনা হবে। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’
এসজি/ডিএস/জেএন



