, || ||

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ঘটনাস্থলেই যুবকের মৃত্যু

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ঘটনাস্থলেই যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনা পরানপুর-লোকনাথপুর সড়কে দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মিঠু নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আল-আমিন নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে পরানপুর গ্রাম সংলগ্ন পোল্ট্রি ফার্মের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মিঠু দর্শনা থানাধীন বেলেমাঠ পাড়ার এনামুল হোসেনের ছেলে। আহত আলামিন দর্শনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মিঠু তার বন্ধু আলামিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। একপর্যায়ে লোকনাথপুর-পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আলামিনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। মিঠুর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও বেলেমাঠ পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, “সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেলের গতি বেশি থাকায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন