, || ||

শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবাসহ সৎমা গ্রেপ্তার

শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবাসহ সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহে আড়াই বছরের শিশু ওয়াসকুরুনি ইসলামকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা আব্দুল কাদির ও সৎ মা আকলিমার বিরুদ্ধে। এ ঘটনায় ওয়াসকুরুনির মা শেফালী আক্তারের করা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুরে থানায় অভিযোগ করেন ওয়াসকুরুনির মা শেফালী আক্তার।

মামলার নথি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ওয়াসকুরুনিকে ডিম খাওয়ানোর পর পানি পান করান তার সৎ মা আকলিমা। পরে শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়ানোর জন্য বিছানায় শুইয়ে দেন তিনি।

একপর্যায়ে ওয়াসকুরুনি কাশি দিতে শুরু করলে শব্দ শুনে তার দাদি আছিয়া আক্তার ঘরে যান। পরে তাকে বাইরে নিয়ে এসে তার মুখ থেকে বিষের গন্ধ পান বলে জানান তিনি।

বিষয়টি ওয়াসকুরুনির চাচারা তার বাবাকে জানান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসকুরুনির মৃত্যু হয়।

ওয়াসকুরুনি র মা শেফালী আক্তার জানান, আব্দুল কাদিরের সঙ্গে তার ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের দুই ছেলে রয়েছে। প্রায় এক বছর আগে স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের সংসারে ভাঙন দেখা দেয়।

শেফালীর অভিযোগ, তার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছেন আব্দুল কাদির ও তার বর্তমান স্ত্রী আকলিমা। তাকে না জানিয়েই হাসপাতালে নেওয়া এবং পরে দাফনের চেষ্টা করা হয়েছিল। পরে শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন। এ ঘটনায় তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

ওয়াসকুরুনির দাদি আছিয়া আক্তার জানান, ঘটনার দিন নাতির কাশির শব্দ শুনে ঘরে গিয়ে দেখেন, তার সৎ মা শিশুটিকে নিয়ে শুয়ে আছেন। পরে নাতিকে সেখান থেকে বাইরে নিয়ে আসেন। তখন শিশুটির মুখে বিষের গন্ধ পান। এরপর শিশুটির চাচারা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মায়ের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন