চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি ও অতিরিক্ত মূল্যে বিক্রয় প্রতিরোধে পেট্রোল পাম্প মালিকদের কড়া বার্তা দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
শনিবার (১০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই বার্তা দেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলায় জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

তিনি বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ বা কালোবাজারির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়ে তিনি সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রয়, সঠিক হিসাব সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য পাম্প মালিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সব ধরণের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জেলার বর্তমান মজুদ পরিস্থিতি তুলে ধরেন এবং তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাঁদের বিভিন্ন বাস্তব সমস্যা ও মতামত প্রকাশ করেন।
জনসাধারণের ভোগান্তি নিরসনে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পাম্প মালিকেরা জেলা পুলিশের সাথে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচআর/এএস



