, || ||

আলমডাঙ্গায় দুই চোরকে আটকের পর গণধোলাই, পুলিশে সোপর্দ

আলমডাঙ্গায় দুই চোরকে আটকের পর গণধোলাই, পুলিশে সোপর্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে চুরি করে ইজিবাইক নিয়ে পালানোর সময় দুইজন চোরকে আটক করেছেন স্থানীয় জনতা। এ সময় তাদের গণধোলাই দেওয়া হয়। পরে চুরির মালামালসহ আটক দুজনকে হাঁপানিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

আটকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার সহিদুলের ছেলে সাকিব ও একই পাড়ার ফারুক হোসেনের ছেলে সজিব।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ৯টার পর সাকিব ও সজিব একটি ইজিবাইক নিয়ে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে যান। সেখানে মজনু কাজির বাড়ি থেকে পানি তোলার মোটর, হাঁড়ি, গামলাসহ বিভিন্ন ব্যবহার্য সামগ্রী চুরি করে ইজিবাইকে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের ধাওয়া করে খাদিমপুর মোড়ে পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের গাড়ি থেকে চুরির মালামালও উদ্ধার করা হয়। আটকের পর স্থানীয় জনতা তাদের গণধোলাই দেন। পরে চুরি যাওয়া মালামালসহ দুজনকে হাঁপানিয়া পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, চিৎলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়মিত চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে পানি তোলার মোটর, বৈদ্যুতিক সরঞ্জাম ও বাড়ির বিভিন্ন ব্যবহার্য সামগ্রী চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে চিৎলা ইউনিয়নে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা নিয়মিত ঘটছে। বিভিন্ন বাড়ি, কৃষিজমি ও সেচের কাজে ব্যবহৃত পানির মোটর চুরি হয়ে যাচ্ছে। এতে কৃষক ও সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত এক মাসে এলাকায় অন্তত ৫ থেকে ৭টি পানির মোটর চুরির ঘটনা ঘটেছে।

এসব চুরির ঘটনায় অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। বিশেষ করে যারা কৃষিকাজ ও সেচের জন্য পানির মোটরের ওপর নির্ভরশীল, তাদের জন্য এ ধরনের চুরি বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকায় মাদকাসক্ত কিছু ব্যক্তি চুরির সঙ্গে জড়িয়ে পড়ছেন।

স্থানীয় বলেন, চুরির ঘটনা বন্ধে এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদকসেবী ও চোরদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে।

তারা আরও বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

এমভি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন