চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী ইউনিয়নের সন্তোসপুর ইকো পার্ক সংলগ্ন স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। মৃত রাসেল হোসেন একই ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে কয়েকজন কৃষক কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। মরদেহের পাশে একটি নীল রঙের টিভিএস আরটিআর মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে আছে।

তারা বলেন, পরে ৯৯৯ (জরুরী সেবা) নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
একতার পুর বাওড়ের নাইটগার্ড বুলু বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দ শুনতে পায়। আশেপাশে লাইট মেরে কোন কিছু দেখতে পায়নি। এসময় কোন বড় গাড়ি যেতে দেখিনি। সকালে জানতে পারি গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন মারা গেছে।
মৃত রাসেলের বাবা ইলিয়াস হোসেন জানান, তার ছেলে গতকাল মোটরসাইকেলের প্রেট্রোল কেনার জন্য বাড়ি থেকে বের হয় রাত ৮টার দিকে। তারপর বাড়িতে ফেরেনি। পরে রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত ফোনে কল দিলেও ফোন ধরেনি।
তিনি বলেন, আজ সকালেও আমি রাসেলের ফোনে কল দিয়। তবে সে ফোন ধরেনি। পরে একজন ফোন ধরে বলে আপনার ছেলে মারা গেছে। এখানে আসার পর দেখি তার লাশ পড়ে আছে।
জীবননগর থানার ওসি শেখ সোলায়মান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাসেল হোসেনের মৃত্যূ হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডি/এম



