কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তার দপ্তরে গিয়ে সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর।
গতকাল মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত সমর্থিত এই সংসদ সদস্য।
ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ছবি এমপি আব্দুল গফুর তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

একজন এমপির এই শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচকদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতামত উঠে আসছে।
কেউ কেউ সংসদ সদস্যের এই পদক্ষেপকে ইতিবাচক রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখলেও অপর দল রাষ্ট্রীয় প্রটোকল বা ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী এমপি ও ইউএনওর মর্যাদার অবস্থান মনে করিয়ে দিচ্ছেন।
আবার কেউ কেউ সরকারি কর্মকর্তার রাজনৈতিক নিরপেক্ষতা বজায় থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, সাধারণত স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান। কিন্তু একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওকে সংবর্ধনা দিতে গেলেন, তাতে প্রজাতন্ত্রের কর্মকর্তার ওপর এক ধরনের অপ্রকাশিত রাজনৈতিক চাপের বার্তা যায়। এটি সরকারি কর্মকর্তার নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।
তবে অনেকেই এই উদ্যোগের সমর্থনে মতামত দিয়ে বলছেন, এটিকে সৌজন্যমূলক রাজনৈতিক শিষ্টাচার হিসেবেই দেখা উচিত, যা ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও কাজের পরিবেশ সহজ করবে।
ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘গত রোববার (২৬ জুলাই) আমি নতুন কর্মস্থল মিরপুরে যোগদান করেছি। সোমবার (২৭ জুলাই) সংসদ সদস্যের দলের স্থানীয় নেতারা দেখা করেছিলেন। আর আজ (মঙ্গলবার) সকালে সংসদ সদস্য নিজে এসে সংবর্ধনা জানিয়েছেন।’
সমালোচনা প্রসঙ্গে ইউএনও বলেন, যেহেতু এলাকায় একসঙ্গে কাজ করতে হবে, সে জায়গা থেকেই তিনি নিজ উদ্যোগে শুভেচ্ছা ও উপহার দিয়েছেন।
এ ঘটনার বিষয়ে সংসদ সদস্য আব্দুল গফুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওয়াইএ/এএস



