চুয়াডাঙ্গার জীবননগর বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. আব্দুল মালেকের প্রতিষ্ঠান মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট ধারায়- মিথ্যা বিজ্ঞাপন, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান ও ব্যবসা পরিচালনার দায়ে মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির দায়ে মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআরডি/এএস



