বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জীবননগরে মামুন হোসেন অন্তর (৩১) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী আখসেন্টারের পেছনের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মামুন একই গ্রামের আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জীবননগর থানার ওসি সোলায়মান শেখ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পরে অন্তরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, পেশায় ট্রাকচালক মামুন বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। জড়িত ছিলেন নেশার জগতে। পরিবার ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াতেন। এক একাই কথা বলতেন। তবে কয়েকদিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনিই নিজেই হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

অন্তরের মরদেহ পচে-গলে যাওয়ায় সঠিকভাবে চেনার কোনো উপায় নেই। তবে পরনের পোশাক দেখে লাশটি মামুনের বলে অনেকাংশেই নিশ্চিত হওয়া গেছে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। উদ্ধার শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরডি/এআরএন/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন