শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের

শাকিবুল ইসলাম তন্ময়। চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলেন। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে এই মেধাবী তরুণকে। তার এই মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেট এলাকার বাসিন্দা তারিকুল ইসলামের ছেলে।

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ঢাকায় গিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়াকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তন্ময়। পরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরে আসেন। চিকিৎসার জন্য ভর্তি হন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাজশাহী নেয়ার পথে নাটোরের লালপুর এলাকায় পৌঁছালে দুপুর আড়াইটার দিকে তন্ময়ের মৃত্যু হয়।

তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুর খবর চুয়াডাঙ্গায় পৌঁছালে তার পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও বন্ধুবান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায়ও নেমে আসে বিষাদের আবহ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে তন্ময়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

তন্ময়ের মৃত্যু আবারও মনে করিয়ে দিলো, ডেঙ্গুকে কোনোভাবেই সাধারণ জ্বর ভেবে অবহেলা করার সুযোগ নেই। বিশেষ করে জ্বরের সঙ্গে শরীরব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি, প্রচণ্ড দুর্বলতা কিংবা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে জ্বর কমে যাওয়ার পরও ঝুঁকি থাকতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণসামগ্রীসহ যেসব স্থানে পানি জমতে পারে সেগুলো পরিষ্কার রাখা এবং দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকা জরুরি।

সিপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন