তিন দফা কমার পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। তার আগে ৯ সেপ্টেম্বর ১ হাজার ১০৮ টাকা এবং ৬ সেপ্টেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর পর এখন দাম বাড়ানো হলো।

এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
সিপি



