ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে প্রাণ গেলো জামাই আব্দুর রহমানের। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত আব্দুর রহমান জেলার কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও শ্বশুরকে গ্রেপ্তার করে।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম



