কক্সবাজার : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত কক্সবাজার জেলার ৭১ জন জুলাইযোদ্ধাকে সরকারি ভাতার আওতায় আনা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আহতদের জন্য মাসিক ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদানের ক্ষ্যে অর্থ ছাড় করা হয়েছে। ইতোমধ্যে এপ্রিল মাসের ভাতার অর্থ উপকারভোগীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা জানিয়েছে, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাসপাতাল, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে নিরপেক্ষ তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধাদের তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জুলাইযোদ্ধাদের ভাতা কার্যক্রম বাস্তবায়নে সমাজসেবা বিভাগ কাজ করছে। উপকারভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে নিয়মিত ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, আহত জুলাইযোদ্ধাদের জন্য সরকার তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছে। ‘এ’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা করে ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত ‘এ’ ক্যাটাগরিতে কোনো উপকারভোগী অন্তর্ভুক্ত হয়নি।
কক্সবাজার জেলায় ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ৬ জন আহত জুলাইযোদ্ধা। তারা হলেন- মোঃ মানিক, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, ফজল করিম, রশিদ মিয়া ও মোঃ আব্দুল্লাহ আল সাহাব। তারা প্রত্যেকে মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।
অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ৬৫ জন আহত জুলাইযোদ্ধা। ভাতার আওতায় আসা ৬৫ জন আহত জুলাইযোদ্ধারা হলেন- মোহাম্মদ ইসলাম ফাহিম, মোহাম্মদ তাওসিফ, সাখাওয়াত হোসাইন, নাদিম মোহাম্মদ আদনান, রিয়াদ সুলতানা নূরী, মোহাম্মদ সাহাব, ওয়াহিদুল মুস্তাকিম, জুনায়েদ খান রাহাত, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হাসান মোহাম্মদ তুর্কি, মোহাম্মদ আইমান ফারুকী, মোঃ আবান, সাখাওয়াত মোহাম্মদ সাকিব, নাজমুল হাসান, মোঃ ইনজামামুল হক, অকিল বিন জাকের, মোঃ শাহরিয়ার শাহীন, শাহরিয়ার হোসেন জিদান, মোহাম্মদ মুশিকুর রহমান নয়ন, একরামুল হক, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ মুসলিম, রাশেদা আক্তার, মোহাম্মদ সৈয়দ আকবর, আবুল কালাম, মোঃ শাহেদ, রিয়াজউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, সেলিম আহমেদ তানভীর, আতিকুল ইসলাম অভি, সলিমুল্লাহ, মোঃ দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মোঃ হাসান, সায়েদ মোহাম্মদ শামীম, সাইফুল ইসলাম, সাকিবুল ইসলাম, মোকসদুল মুনতাকির, মাইনুল হাসান জিহাদ, আব্দুল্লাহ, মোঃ রাসেল, রেজাউল করিম, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, জিয়াউল হক, মোহাম্মদ আরিফ, শামীম ইকবাল, ইমরান ইবনে আমির, বোরহানউদ্দিন রিমন, প্রেম হরিজন, কামাল উদ্দিন, হোসেন জোহর, আহনাফ হোসেন ইস্পান, মোহাম্মদ মোবারক, মোঃ শাকিল, আমিনুল হাসান রাহি, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ, রবিউল হাসান, মুনশাইর ইসলাম, সাইফুল ইসলাম মামুন, রায়হান ইসলাম, হারুন অর রশিদ ও বেলাল উদ্দিন। তাদের প্রত্যেককে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে সোনালী ব্যাংকের কক্সবাজার শাখায় খোলা হিসাবের মাধ্যমে এপ্রিল মাসের ভাতার অর্থ জমা হয়েছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।
উপকারভোগীদের প্রত্যেককে পৃথক আইডি নম্বর, কেস আইডি নম্বর এবং ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধারা নিয়মিতভাবে প্রতি মাসে নির্ধারিত ভাতা পাবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহায়তা প্রদানের এই উদ্যোগ তাদের পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



