মাগুরায় ফের এক গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ঘটনা ঘটেছে। বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল দেওয়া হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকার।
বাবু মোল্যার বাড়ি মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামে। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই গ্রাহক।
ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে হয়ে এসেছে। তবে সেপ্টেম্বরে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ২০ ইউনিট, অথচ বিলের পরিমাণ ২৯ হাজার ১৩৮ টাকা।

ভুক্তভোগী বাবু মোল্যার অভিযোগ, বিলের কাগজ নিয়ে অফিসে যাওয়ার আগেই মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন।
বিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, বিষয়টি জানতে পেরেছি। কম্পিউটার টাইপিং ভুল হতে পারে। ভুল হলে দ্রুতই সমাধান করা হবে।
এর আগে, মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক নারী গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বেশি বিল দেওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওই ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এমজি/এএস



