ঢাকা : বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয় বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা। ৩-০ গোলের ব্যবধানে আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল দলটি।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের আলবামায় ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল দলটি। প্রথমার্ধ শেষে মাঠে নেমেই মেসির পেনাল্টিতে ২-০ গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা।
২-০ তে এগিয়ে থাকা আর্জেন্টিনা ৮৬ মিনিটে আবারও চেপে ধরে আইসল্যান্ডকে। এরপর থিয়াগো আলমাডার গোলে ৩-০ এগিয়ে যায় দলটি। তবে ম্যাচের শুরুটা আর্জেন্টিনার জন্য কিছুটা সতর্কবার্তা হয়ে এসেছিল।

নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে যায় আইসল্যান্ড। এলার্টসন গোলের সামনে দারুণ সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি।
প্রাথমিক সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা। বলের দখল ধরে রেখে ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে তারা।
অন্যদিকে রক্ষণাত্মক কৌশলে খেলা আইসল্যান্ড পাল্টা আক্রমণের অপেক্ষায় থাকলেও আর্জেন্টিনার উচ্চ প্রেসিং তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। মাঝেমধ্যে আইসল্যান্ডও ম্যাচে ফেরার চেষ্টা করেছে।
বলের দখল, আক্রমণের তীব্রতা এবং ম্যাচ নিয়ন্ত্রণ- সব ক্ষেত্রেই স্পষ্ট আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। শেষ দিকে থিয়াগো আলমাডার গোলে ৩-০ তে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
জেএন



