সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভুয়া সাংবাদিক পরিচয় ও ফেক আইডিতে অপপ্রচার বন্ধের দাবিতে ডিসি-এসপির কাছে দর্শনা প্রেসক্লাবের লিখিত আবেদন

ভুয়া সাংবাদিক পরিচয় ও ফেক আইডিতে অপপ্রচার বন্ধের দাবিতে ডিসি-এসপির কাছে দর্শনা প্রেসক্লাবের লিখিত আবেদন

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররের (এসপি) কাছে দর্শনা-দামুড়হুদা এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয়, অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্ম এবং ফেক ফেসবুক আইডি-পেজ ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার বন্ধ এবং প্রকৃত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দর্শনা প্রেসক্লাব।

রোবিবার (২০ সেপ্টেম্বর) দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন স্বাক্ষরিত একটি লিখিত আবেদন জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের কাছে পৌছে দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, বর্তমানে দর্শনা ও দামুড়হুদা এলাকায় সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সুযোগ নিয়ে অনেকে ব্যক্তিগত ফেসবুক পেজ, আইডি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম খুলে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদ বা কনটেন্ট প্রচারের কারণে প্রকৃত ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, কেউ কেউ অনিবন্ধিত অনলাইন পোর্টালের পরিচয় ব্যবহার, ব্যক্তিগত যানবাহনে প্রেস লেখা এবং বিভিন্নভাবে সাংবাদিক পরিচয় দিয়ে পেশাদার সাংবাদিকদের পরিচয় ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। পাশাপাশি ফেক আইডি ও পেজ ব্যবহার করে কোনো কোনো সম্মানিত ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি বা সাধারণ নাগরিককে মাদক ব্যবসা, চোরাচালান, স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে যাচাইহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও পাওয়া যাচ্ছে।

প্রেসক্লাবের আবেদনে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তির সামাজিক মর্যাদা ও নিরাপত্তার জন্য ঝুকি তৈরির পাশাপাশি প্রকৃত সাংবাদিকতা, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং প্রচলিত আইন ও পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আবেদনে দর্শনা ও দামুড়হুদা এলাকায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের পরিচয় এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের বৈধতা ও নিবন্ধন যাচাইয়ের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া সাংবাদিক পরিচয়, অনিবন্ধিত গণমাধ্যম, ফেক আইডি বা পেজ ব্যবহার করে বিভ্রান্তিকর, মানহানিকর কিংবা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে হয়রানি, ভয়ভীতি, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত ও দায়িত্বশীল সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছে।

আবেদনটি জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের হাতে পৌছে দেওয়া হলে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার বলেন, তথ্য অফিসের মাধ্যমে বিষয়গুলো যাচাই করে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন