ঢাকা: ফিফা বিশ্বকাপের আগেই লিভারপুলকে বিদায় জানিয়েছেন মোহাম্মদ সালাহ। পরবর্তী গন্তব্য তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পর মিশরীয় এই তারকার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
খুব দ্রুতই সেই চুক্তির ব্যাপারে ঘোষণা দিতে যাচ্ছে তুরস্কের ক্লাবটি। তুরস্কে পৌঁছানোর পর বিমানবন্দরে শত শত সমর্থকের ভালোবাসায় সিক্ত হন এই তারকা ফরোয়ার্ড।
গতকাল বুধবার ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের বাইরে শত শত ট্রাবজোনস্পর সমর্থক জড়ো হন। ক্লাবের রঙের পোশাক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সালাহ ভক্তদের শুভেচ্ছা জানান।

৩৪ বছর বয়সী মোহাম্মদ সালাহ গত মৌসুমে লিভারপুল ছাড়েন দীর্ঘ ৯ বছর পর। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি করেছেন ২৫৭ গোল।
ট্রাবজোনস্পরে সালাহর বেতন কত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তিনি ফ্রি এজেন্ট হওয়ায় ট্রান্সফার ফি দিতে হয়নি। ফলে ক্লাবটি তার বেতনের পেছনেই বেশি অর্থ ব্যয় করতে পারছে।
চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করা সালাহ আগামী মৌসুমে ট্রাবজোনস্পরের হয়ে ইউরোপিয়ান ফুটবল খেলবেন। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়েছিল দলটি, যা চ্যাম্পিয়ন গালাতাসারাই থেকে আট পয়েন্ট পিছিয়ে ছিল।
ইউরোপা লিগের প্লে-অফ পেরোতে না পারলে ট্রাবজোনস্পর খেলবে উয়েফা কনফারেন্স লিগে। বৃহস্পতিবার স্থানীয় সময় ট্রাবজোনস্পরের মাঠ পাপারা পার্কে সালাহর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান হবে।
জেএন



