সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সৌদি পৌঁছেছেন ৩৮২০৭ জন, আরও এক হজযাত্রীর মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৩৮২০৭ জন, আরও এক হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে আরও একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন ৭ জন।

সৌদি আরবে মারা যাওয়া ব্যক্তির নাম মো. শামসুল আলম (৬৩)। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীর সাতজনই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।

এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মারা যান।

এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪২টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে হজযাত্রীর ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন