ঢাকা : পানিতে ডুবে জামালপুর, নাটোর ও মাগুরায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) তিন জেলার পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মাদারগঞ্জে জোড়খালি ইউনিয়নে বাড়িতে উঠানে গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামের দেড় বছর বয়সী এক শিশু মারা যায়।
অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ইয়ামিন বেতেগা গ্রামের এলাকার জাহিদুল ইসলামের ছেলে। বকশীগঞ্জের মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।
নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- মো. আরাফাত (১১) ও নূর মোহাম্মদ (১০)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে আরাফাতের নানা পুকুরের পাশে তাদের খেলতে দেখেছিলেন বলে জানায়।
পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজা শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা
মাগুরার সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো-বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) ও একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল ওই দুই শিশু। এক পর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়।
পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে ডোবা থেকে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এনডি/এএস



