ঢাকা: কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবায় একটি হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।


যোগাযোগ : মো. ওমর ফারুক আকন্দ দ্বিতীয় সচিব (রাজনৈতিক)
মোবাইল : +৯১ ৮২৭৪৮২১৩৫২
হোয়াটস অ্যাপ : +৮৮০১৭১৭২৯১২৬৬ +৯১৯৯০৩৪২৬১১৯
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ যাবত এ অগ্নিকাণ্ডে মোট নয়জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।
উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি।
এছাড়া, আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
শনাক্ত হওয়া মৃত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেরার আরুয়াপাড়ার দেবাশিস দত্ত (৩৭), তার শিশুসন্তান শর্ণশিষ দত্ত (২)। একই এলাকার আফসানা শিম্মিন (২৫)। একই উপজেলার থানাপাড়া এলাকার ইয়াসিন আলীর ছেলে মো. আকরাম আলী (৬৪)। এ ছাড়া ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার শিশু আহমেদ বাবু (২)।
পিএস/এএস



